আমার প্রিয় শিক্ষার্থী্বৃন্দ, সম্মানিত উপদেষ্টামণ্ডলী, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, এবং শুভানুধ্যায়ীগণ, অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুর-এর রজত জয়ন্তী-সাফল্য, অগ্রগতি ও উৎকর্ষতার ২৫ বছর পূর্তি উদযাপন করছি। এই গৌরবময় পথচলা আমাদের সমগ্র বিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা, ও আন্তরিকতার এক উজ্জ্বল সাক্ষ্য বহন করে।

শিক্ষা কেবল পাঠ্যবইয়ের গণ্ডিবদ্ধ জ্ঞান নয়; শিক্ষা মানুষের মানবিক জাগরণ ঘটায়, বিবেককে শাণিত করে এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি সুন্দর সমাজ গঠনের পথ দেখায়। ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুর সেই প্রগতিশীল দর্শনকেই ধারণ করে যুগের পর যুগ শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলিতে বিকশিত করে চলেছে। এখানে প্রতিটি শ্রেণীকক্ষ যেন স্বপ্ন বুননের এক একটি কর্মশালা, যেখানে শিক্ষকরা শুধু করেন না-তারা শিক্ষার্থীদের হৃদয়ে সাহস, সততা ও আত্নবিশ্বাসের প্রদীপ জ্বালিয়ে দেন। এই স্মারক ম্যাগাজিনটি আমাদের বিদ্যালয় পরিবারের একটি প্রাণবন্ত প্রতিচ্ছবি। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, চিন্তাভাবনা ও প্রতিভার সুন্দর উপস্থাপনার পাশাপাশি আমাদের দীর্ঘ পথচলার স্মরনীয় মুহূর্ত ও অর্জনের ইতিহাস সংরক্ষিত হয়েছে। আমি বিশ্বাস করি, এই প্রকাশনা সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং আমাদের প্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্যকে আরও সমুন্নত রাখবে। আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের সম্মানিত উপদেষ্টামণ্ডলী, সহযোগী পরিবারের সদস্যবৃন্দ এবং শ্রদ্ধেয় অভিভাবকদের, যাঁদের আস্থা, সহযোগিতা ও অবিচল সমর্থন আমাদের সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। আপনাদের বিশ্বাস ও উৎসাহ আমাদের প্রতিনিয়ত উৎকর্ষতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। একইভাবে, আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকাদের প্রতিও জানাই আন্তরিক কৃতজ্ঞতা, যাঁদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও দায়িত্ববোধ এই প্রতিষ্ঠানের ভিত্তিকে আরও সুদূঢ় করেছে। আমাদের প্রিয় শিক্ষার্থীরা তাদের পরিশ্রম, সাফল্যে ও অর্জনের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের গর্বিত করছে। পাশাপাশি, পরিচালনা পর্ষদের মুল্যবান দিকনিদের্শনা ও অব্যাহত সহযোগিতার জন্যও জানাই আন্তরিক ধন্যবাদ।

এই মহিমান্বিত ক্ষণে, আসুন আমরা সবাই একসঙ্গে কৃতজ্ঞচিত্তে ম্মরণ করি আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানের প্রতি অগণিত অবদান ও ত্যাগকে। নতুন স্বপ্ন, দৃঢ় প্রত্যয় এবং অবিচল সংকল্পকে সঙ্গী করে আমরা এগিয়ে চলি আগামী দিনের আলোকিত পথে। আমাদের এই বিদ্যাপীঠ যেন ভবিষ্যতের প্রতিটি প্রভাতে আরও সমৃদ্ধ, গৌরবান্বিত ও অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে ওঠে – সাফল্যের নতুন নতুন শিখর স্পর্শ করুক, এই আন্তরিক প্রার্থনা ও প্রত্যাশা রইল।
সকলকে রজতজয়ন্তীর অফুরন্ত শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা।

নিঘাত সুলতানা

চেয়ারম্যান
ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুর